পিন্ডি টেস্টের আগে এবার অস্ট্রেলিয়া দলে করোনার হানা

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১২:৪৬ এএম

অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং পরামর্শক ফাওয়াদ আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড টেস্টের ফল পজিটিভ আসার পরই তিনি পাঁচ দিনের আইসোলেশন শুরু করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, ফাওয়াদের হালকা উপসর্গ রয়েছে। দুইবার করোনার ফল নেগেটিভ এলে তিনি আইসোলেশন থেকে বেরোতে পারবেন।

৪০ বছর বয়সী ফাওয়াদের জন্ম পাকিস্তানে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তার অস্ট্রেলিয়ার হয়ে। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি অজিদের হয়ে। তবে ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও ওই বছরই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।

এখনো খেলোয়াড়ি জীবনের ইতি টানেননি ফাওয়াদ। সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। সোমবার অস্ট্রেলিয়ার টিম হোটেলে উঠেছিলেন তিনি। দলটির সঙ্গে তার স্পিন বোলিং পরামর্শের ভূমিকায় থাকার কথা ছিল।

ফাওয়াদ হোটেলে পৌঁছার পর পরই তার করোনা পরীক্ষা করা হয় এবং ফল পজিটিভ আসে। তিনি পাকিস্তান সফররত অস্ট্রেলিয়া দলের কারো সংস্পর্শে আসেননি বলেই ধারণা করা হচ্ছে।

ইএসপিএন ক্রিকইনফো মনে করছে, বুধবার অস্ট্রেলিয়া দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে এবং সবার ফল নেগেটিভ এসেছে।

গত বছরের পিএসএলেও করোনা পজিটিভ হয়েছিলেন ফাওয়াদ। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনায় আক্রান্ত হলেন। এর আগে পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ করোনায় আক্রান্ত হয়েছেন।

ফলে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। পাকিস্তানের মাটিতে ২৪ বছর পর অস্ট্রেলিয়া দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে এটি। তিন ম্যাচ সিরিজের পরের দুই টেস্ট ১২ মার্চ ও ২১ মার্চ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত