কোকেন চোরাচালান মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৩:২২ এএম

চট্টগ্রাম বন্দরে কোকেন আটকের ৭ বছর পর এ ঘটনায় করা চোরাচালান মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার প্রথম দিনে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া তিনজনের জবানবন্দি নেন বলে আদালত সূত্র জানায়।

সাক্ষ্য দেওয়া তিনজন হলেন কোকেন আটকের সময়কার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মশিউর রহমান, সহকারী পরিচালক ওমর ফারুক ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের তৎকালীন ডেপুটি ম্যানেজার মো. মোশারফ হোসেন। এ সময় মামলার ১০ আসামির মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন।

পরবর্তী সাক্ষ্যের জন্য ৩০ মার্চ দিন ধার্য করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী।

তিনি দেশ রূপান্তরকে বলেন, সাক্ষীদের মধ্যে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনার পর কয়েকজন আসামিকে আটকের বিষয়ে সাক্ষ্য দেন। এ ছাড়া সাইফ পাওয়াটেকের কর্মকর্তা চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে কোকেনবাহী কন্টেইনার নিয়ে আসা জাহাজ ও জাহাজ থেকে কন্টেইনার নামানোর কাগজপত্রের জব্দ তালিকার বিষয়ে জবানবন্দি দিয়েছেন।

আদালত সূত্র জানায়, কোকেন আটকের ঘটনায় ২০১৫ সালের ২৭ জুন মাদক ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করা হয়। মাদক আইনে দায়ের করা মামলায়ও সাক্ষ্যগ্রহণ চলছে। চোরাচালান আইনে দায়ের করা মামলায় গত ৭ ফেব্রুয়ারি ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত