ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে বুধবার একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। এতে ভোট দেয়নি বাংলাদেশসহ ৩৫টি দেশ।
১৯৩ সদস্য দেশের পরিষদে ওই প্রস্তাবের পক্ষের সমর্থন দিয়েছে ১৪১ দেশ, আর বিপক্ষে ভোট পড়েছে রাশিয়াসহ ৫ দেশের।
প্রস্তাবে অভিযানের নিন্দা জানানোর পাশাপাশি রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হওয়া এই প্রস্তাবকে ঐতিহাসিক বলেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।
প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে রাশিয়ার পাশে রয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।
বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ভোটদানে বিরতি ছিল। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটান।
চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইরাক, ভিয়েতনামের পাশাপাশি উগান্ডাসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ ভোটদানে বিরত ছিল।
রাশিয়ার ভেটোতে নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব ঠেকে যাওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি অধিবেশনে বসে সাধারণ পরিষদ।
মঙ্গলবার সাধারণ পরিষদের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধি মনোয়ার হোসেন সব দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের একাগ্রতার প্রতি সমর্থন জানান এবং আহ্বান জানান সবপক্ষকে সংঘাত থেকে বিরত হওয়ার।
সমস্যা সমাধানে সব পক্ষকে জরুরি ভিত্তিতে সংলাপে মিলিত হওয়ার আহ্বানও জানান বাংলাদেশের প্রতিনিধি।
এ দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিউইয়র্কে অবস্থান করলেও জাতিসংঘের এই বিতর্কে অংশ নেননি। একটি স্থানীয় বাংলা টিভির সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব রকম যুদ্ধের বিরুদ্ধে। জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক, আমরা সেটাই চাই।’
তিনি জানান, ক্ষুদ্র দেশ হিসেবে সব রকম যুদ্ধ ও আন্তর্জাতিক সংকট বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী।
