‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে প্রায় ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২২’। এবার বসছে বার্ষিক এ উৎসবের ১৫তম আসর।
৫ থেকে ১১ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হবে উৎসবটি। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন।
আরও ছিলেন আয়োজক চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুননী, উৎসব কর্মকর্তা ম্ঈুদ হাসান তড়িৎ ও আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোঁজ।
মুনিরা মোরশেদ মুননী বলেন, অন্যান্য চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র নির্মাতাদের তৈরি চলচ্চিত্র দেখানো হয় আর আমরা চলচ্চিত্র নির্মাতা তৈরি করি। যারা আগে আমাদের চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত ছিল, তারা অনেকেই এখন খুব ভালো নির্মাতা হয়ে গেছে, এই উৎসবের মধ্যে দিয়ে যারা বড় হয়েছে তারাই এই উৎসবের আয়োজনে পেছন থেকে শিশু কিশোরদের শক্তি জোগাচ্ছে।
প্রতি বছরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে উৎসবের জন্য অনুদান দেওয়া হয়। এবার সহ-আয়োজক হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিজ (সিসিএ)। এ জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন। বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আরও বড় পরিসরে ঢাকা ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে আমরা এবার উৎসব আয়োজন করতে যাচ্ছি। দেশের ৮টি বিভাগে মার্চ জুড়ে এ উৎসব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক চলচ্চিত্র দেখানো হবে। সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।
সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য না থাকলেও গত বছরের মতো এবারও মাস্ক পরাকে উৎসবের টিকিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উৎসবে উপলক্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
৫ মার্চ বিকেল ৪টায় ফিল্ম আর্কাইভ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভাপতিত্ব করবেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল।
