পুলিশ ও গণসংহতির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৪:২৮ পিএম

রাজধানীতে গণসংহতি আন্দোলনের মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয়ের সড়কে প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

ভোজ্যতেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

অবিলম্বে তেল, গ্যাসসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রস্তাব থেকে সরে না এলে হরতালের ডাক দেওয়া হবে বলে এ সময় জানিয়েছেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘আমরা আরও শক্তি নিয়ে আসবো। জনগণ আরও শক্তি নিয়ে আপনাদের ঘেরাও করবে। দ্রব্যমূল্যের লাগাম ধরে নিন। পানির দাম, গ্যাসের দাম কমাতে হবে। দাম বৃদ্ধির প্রস্তাব বাতিল করতে হবে। অচিরেই আমরা হরতালের ডাক দেবো। অপরাপর রাজনৈতিক দলগুলোরও সঙ্গে নিয়ে আমরা কর্মসূচি দেবো।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে গণসংহতি আন্দোলনের একটি মিছিল বেরোয়। সে মিছিল সচিবালয়ে প্রবেশের সড়কে পুলিশ আটকে দেয়। এ সময় পুলিশ ও গণসংহতি আন্দোলনের নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সচিবালয়ের সামনেই সমাবেশ করেন তারা।

সমাবেশে আরও ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, ফিরোজ আহমেদ, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়সহ অন্যান্য নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত