জুড়ীতে স্টেডিয়ামের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৫:১৫ পিএম

মৌলভীবাজারের জুড়ীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে এ মানববন্ধন করে জুড়ী উপজেলাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের লক্ষে জুড়ীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছেন। কিন্তু যে স্থানে স্টেডিয়ামটি করার প্রস্তাব দেওয়া হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই এলাকা মূলত নদী ভাঙন এলাকায় পড়েছে। বর্ষাকালে সেখানে সব সময় পানি জমা থাকে। তা ছাড়া উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরবর্তী এই জায়গায় যেতে অনেক ঝামেলা পোহাতে হবে।

বক্তারা আরও বলেন, অচিরেই মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবিত স্থানটি পরিবর্তন করে কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের পাশে করার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারামিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতিক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহ্বায়ক চন্দন কুমার দাশ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ প্রমুখ।

এ ছাড়া এ মিনি স্টেডিয়ামের স্থান পরিবর্তন করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জেলা প্রশাসক বরাবরে সুপারিশ পাঠিয়েছেন।

জানা যায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর অংশ হিসেবে জুড়ীতে নির্মাণ হতে যাচ্ছে এ মিনি স্টেডিয়াম। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর আনজুড়ী কোনা নামক এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষে স্থান প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত