সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানিয়েছেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে তিনি দেশ-বিদেশে সকলের কাছে ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চান।
অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মুহিতকে শনিবার সকালে রাজধানী ঢাকার গ্রিন রোডের গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নে মুহিতের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন তিনি।
৮৭ বছর বয়সী আবদুল মুহিতের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী এমনিতে খুব ভালো। উনার কোনো মেজর অসুখ নাই। আগে যেসব অসুখ উনার ছিল, সেগুলো কোনোটাই নাই। ডায়াবেটিস বলেন, প্রেসার বলেন, এগুলো কিছুই নাই।
মোমেন বলেন, ‘উনি অত্যন্ত দুর্বল। কারণ উনার খাওয়ার কোনো অ্যাপিটাইট নাই। অনেক দিন ধরে খাওয়া-দাওয়া করেন না, এর ফলে উনার ওজন ড্রাসটিক্যালি রিডিউসড করেছে।’
২০২১ সালে মুহিত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসা নিয়েছিলেন।
মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
