কুষ্টিয়ায় মানববন্ধন

শিশুকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১১:৪২ পিএম

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার সুরাইয়া খাতুনকে (৭) ধর্ষণ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল নিহতের বাড়ি শহরের মিলপাড়া থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে থানা মোড়ে এসে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারীদের অভিযোগ, শিশু সুরাইয়াকে ধর্ষণ করে গলায় ওড়না পেঁচিয়ে শ^াসরোধে হত্যা করা হয়েছে। অথচ ঘটনাটিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র।

গত ৫ মার্চ সন্ধ্যায় বাড়ির একটি ঘর থেকে অচেতন অবস্থায় সুরাইয়াকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরাইয়া কুষ্টিয়া পৌরসভার পূর্ব মিলপাড়া এলাকার রুবেল হোসেনের মেয়ে। সে স্থানীয় আলাউদ্দিন আহমেদ একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন শিশুর বাবা। মামলার আসামিরা হলো কুষ্টিয়া শহরের মিললাইন ভাটাপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৪৫), ইনছান (৪৩) ও সুমন (৪০)। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক সাব্বিরুল আলম বলেন, পুলিশের তদন্তে সব বের হয়ে আসবে। মামলার এজাহারভুক্ত আসামি সুমনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত