সাইফউদ্দিনকে সতর্ক করল বিসিবি

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১১:৫২ পিএম

এক দিন আগে ‘বোর্ড খবর রাখেনি’ বলেছিলেন সাইফউদ্দিন। কাল তার বক্তব্য প্রকাশ হয় সংবাদমাধ্যমে। কালই আবার দোষী করলেন সংবাদমাধ্যমকেই। আসলে বিসিবির বিরুদ্ধে কথা বলায় শাস্তির মুখে পড়তে যাচ্ছিলেন এই অলরাউন্ডার। তবে শাস্তি পেতে হয়নি, শুনানি শেষে সতর্ক করে দেওয়া হয় সাইফউদ্দিনকে। পরে নিজের ভুল স্বীকারও করেছেন।

কিছুদিন আগেই চিকিৎসার জন্য সাইফউদ্দিনকে ইংল্যান্ডে পাঠিয়েছিল বিসিবি। রিহ্যাবের মধ্যে থাকলেও ওই ট্যুরের বিষয়টি গত পরশু উল্লেখ করেননি এই ক্রিকেটার। অনুশীলনের জন্য সঠিক সরঞ্জাম, কোচ এবং সুযোগ-সুবিধা পাননি বলে অভিযোগ করেন। কাল তার মুখেই অন্য সুর, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই জিনিসগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। বিশেষ করে আমি হতাশা থেকে কথাগুলো বলেছি। আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এ জিনিসগুলো না বলে আমি আসলে বেফাঁস কিছু কথা বলে ফেলেছি। যার কারণে আমি নিজেও অনুতপ্ত।’

দোষ স্বীকারের আগে সাংবাদিকদের তাচ্ছিল্যের সুরে সাইফ বলেন, ‘আমরা যদি দেশের বাইরে ট্যুর না করি, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণ না করি, আপনারাও দেশের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারবেন না। আমাদের সতর্ক থাকতে হবে, আর আপনাদের পেশাদারিত্ব বাড়াতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত