রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠটি স্থানীয় শিশুদের খেলাধুলার একমাত্র জায়গা। এ ছাড়া ধানমন্ডি মৌজার ২০৭৩ নম্বর খতিয়ানের ৩৫৮ নম্বর দাগের এই উন্মুক্ত স্থানটি খেলার মাঠের পাশাপাশি স্থানীয়দের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু একমাত্র এ মাঠটিতে থানা ভবন নির্মাণ করতে যাচ্ছে সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেকোনো দিন সেখানে নির্মাণকাজ শুরু হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তেঁতুলতলা মাঠ রক্ষা আনন্দোলন কমিটির নেতারা। কমিটির পক্ষে লিখিত সংবাদ সম্মেলন সংগঠনের সমন্বয়ক সৈয়দা রতœা। এ সময় উপস্থিত ছিলেন নগরবিদ স্থপতি ইকবাল হাবিব, পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, স্থানীয় বাসিন্দা জামির হোসেন ও ফারহানা নাসের।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এলাকাবাসী এ মাঠটি ব্যবহার করে আসছে। কলাবাগান এলাকার শিশুরা তাদের খেলার জন্য একমাত্র মাঠ হিসেবে ব্যবহার করে যাচ্ছে। গত ৩১ জানুযায়ি হঠাৎ পুলিশের পক্ষ থেকে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে তা অবরুদ্ধ করে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মাঠে ২৮ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য ভবন নির্মাণ করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকার এ মাঠে একসময় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মেলার জন্য ভাড়া দেওয়া হতো। কিন্তু সরকার সেই মানসিকতা থেকে সরে এসে শহরের প্রায় ৫৬টি মাঠ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। অনেক মাঠ এখন দৃষ্টিনন্দন ও খেলাবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। এরই মধ্যে একটি মাঠ কীভাবে পুলিশের পক্ষ থেকে ঘিরে রেখেছে? তাই দ্রুত পুলিশের কাঁটাতারের বেড়া ও সাইনবোর্ড সরিয়ে নিতে হবে।
