রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৫৭০ ঘর, শিশুর মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১:২৬ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগে ৫৭০টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় মো. আয়াজ (৩) নামে এক শিশু মারা গেছে।

দুই ঘণ্টাব্যাপী কাজ করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঙ্গলবার বিকেলে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

তিনি বলেন, তাৎক্ষণিক কক্সবাজার ও উখিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোহাম্মদ ইমদাদুল হক বাইরে থাকায় অফিশিয়াল নম্বরে যোগাযোগ করতে বলেন। জানতে চাইলে সন্ধ্যা ৭টার দিকেও আগুন নিয়ন্ত্রণ, ক্ষয়ক্ষতি, হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট অফিস।

এর আগেও ৯ জানুয়ারি একটি ক্যাম্পে আগুনে সহস্রাধিক ঘর পুড়ে গেছে। পরে ১৮ জানুয়ারি উখিয়ার ইরানী পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে লাগা এ আগুনে ২৯টি বসতঘর পুড়ে গেছে। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত