দুমকিতে ‘হামলা-সহিংসতার’ মামলায় বিএনপির ১০ নেতার জামিন না-মঞ্জুর

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৪:৪৩ পিএম

পুলিশের ওপর ‘ইটপাটকেল নিক্ষেপ ও হামলার’ মামলায় পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমানসহ ১০ জনের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বুধবার সকালে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার ২২ জন আসামি হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক ১০ জনের জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের বিজ্ঞ কৌশলী অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।

জামিন না-মঞ্জুর আসামিরা হলেন- দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য মেহেদী হাসান মিন্টু মৃধা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  সৈয়দ অহিদুল হক, শামীম হাওলাদার, সৈয়দ শাহাদত হোসেন, আনোয়ার হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক  গোলাম সরোয়ার, সদস্য লাল মিয়া, জসিম উদ্দিন শম্ভুসহ।

উল্লেখ্য, গত ৫ মার্চ বিএনপির অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালিয়ে পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় বিএনপির ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। দুমকি থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলামকে ৬ মার্চ রাতে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করে।

বুধবার পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আল-আমীন মামলার ২৬ জন আসামির মধ্যে ২২ জন জামিনের আবেদন মঞ্জুর করলেও ১০ জনের জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। অপর ১৩ আসামি জামিনে মুক্তি পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত