‘দেশে ৭৪ সালের মতো নীরব দুর্ভিক্ষ শুরু হয়েছে’

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৪:৩৯ পিএম

দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা দক্ষিণ ও বরিশাল জেলা উত্তর কৃষক দল।

শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন মহানগর ও বরিশাল জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা (দক্ষিণ) আহ্বায়ক এইচএম মহসিন আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্যসচিব সফিউল আলম সাফরুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন তালুকদার, বরিশাল মহানগর আহ্বায়ক  আব্দুর রসিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মেজবা সালেকিন জামিল, বরিশাল উত্তর জেলা আহ্বায়ক  ননি মো. জামাল হোসেন, সদস্যসচিব ভিপি সেলিম, বাবুল দেওয়ান, ভিপি ছালাম কবির খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভোটার বিহীন সরকার দেশটাকে পুলিশি রাজ্যে পরিণত করেছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের রক্ত চুষে সেই টাকা বিদেশ পাচার করছে। দেশে ৭৪ সালের মতো এক নীরব দুর্ভিক্ষ শুরু হয়েছে।

তাই অবিলম্বে বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত