নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে ঢাকা-১ সংসদীয় আসনের (দোহার-নবাবগঞ্জ) ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা, শোল্লা, এবং কৈলাইল ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট, বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এবং পার্শ্ববর্তী দোহার উপজেলার জয়পাড়া, রাইপাড়া, সুতারপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও বাজার এলাকায় লিফলেট করেন ঢাকা জেলা ও উপজেলা বিএনপির নেতা–কর্মীরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতা- আজাদুল ইসলাম হাই পান্নু, কালাম খন্দকার, লেলিন আহমেদ রাসেল, দোহার উপজেলা বিএনপির আহ্বায়ক মেছের খান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান পান্নু মিয়া, উপজেলা মহিলা দলের সভাপতি শম্পা ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বিএনপির নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে মরতে হবে। জনগণের ওপর দ্রব্যমূল্য চেপে বসেছে সেজন্য বিএনপি কর্মসূচি দিয়েছে। জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ কর্মসূচি। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। এদের অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।
