দেশে দুর্ভিক্ষের ছায়া বিস্তার করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চড়া দামের কারণে মানুষ আধা পেট খেয়ে জীবন যাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রবিবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, চৈত্রের খরতাপে মধ্যে কিছুটা স্বল্প ব্যয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য দেশের মানুষ আজ লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু টিসিবির পণ্য সারা দেশে মাত্র ১% থেকে ২% দিতে পারে। সারা দেশের মানুষ আজকের চড়া দামে জিনিসপত্র কিনছে, এক বেলা এবং আধপেট খেয়ে তারা জীবন-যাপন করছে। আর অন্যদিকে উন্নয়নের গল্প শোনাচ্ছেন প্রধানমন্ত্রী। কী একটা ভয়ংকর দুঃস্বপ্নের মধ্যে জীবন যাপন করছি। আবারও সেই ৭২ থেকে ৭৪ আমরা শুনেছি সেই সময় বাসন্তীর কথা, দুর্গার কথা যারা শাড়ি না পেয়ে মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করেছে। যারা ভাত-রুটি না পেয়ে আম পাতা, কাঁঠাল গাছের পাতা চিবিয়ে খেয়েছে তারই পুনরাবৃত্তি হচ্ছে আজকে বাংলার প্রান্তরে-প্রান্তরে। দুর্ভিক্ষের ছায়া বিস্তার করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দুর্ভিক্ষ, জিনিসপত্রের দাম বৃদ্ধি, দেশের মানুষ আধা পেট খেয়ে থাকে আর উন্নয়নের নামে লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়। টাকা পাচার হয় কানাডা, মালয়েশিয়া ও লন্ডনে।
রিজভী বলেন, বাংলাদেশে এখন বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে দিন যাচ্ছে। রাষ্ট্রক্ষমতায় যারা বসে আছেন তাদের কোনো জবাবদিহি নেই। জবাবদিহি নেই বলেই একেবারে আকাশছোঁয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।
নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন কমিশনকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা মনে করি অবৈধ সরকার অবৈধ আইনের মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠন করেছে। সুতরাং পরবর্তী পর্যায়ে কী হবে সেটা আমাদের দলের নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত হলে জানতে পারবেন।
এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
