চীনের কাছে রাশিয়ার সামরিক সহায়তা চাওয়ার মার্কিন দাবি মিথ্যা: চীন-রাশিয়া

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৯:৪৮ পিএম

ইউক্রেনে হামলার পর রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছিল বলে শীর্ষ মার্কিন কর্মকর্তারা যে দাবি তুলেছেন, তা অস্বীকার করেছে চীন ও রাশিয়া। 

সোমবার রাশিয়ার সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান আজ এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার জন্য চীনের কাছ থেকে সামরিক সহায়তা চেয়েছিল বলে ওয়াশিংটন সম্প্রতি যে অভিযোগ করেছে, সেটি মিথ্যা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কাছে সামরিক সহায়তা চাওয়ার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের দাবি সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ দাবি অস্বীকার করেছেন।

পেসকভ বলেন, অভিযান চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার নিজস্ব স্বাধীন উপকরণ আছে। আমরা বলেছি, অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে এবং সময়মতো ও সম্পূর্ণভাবে সম্পন্ন হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত