কোমল পানীয়ের তুলনায় এনার্জি ড্রিংকে ক্যাফেইনের মাত্রা বেশি বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণা। এই গবেষণায় বলা হয়েছে, ক্যাফেইনের জন্য বিএসটিআই অনুমোদিত সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১৪৫ পিপিএম হলেও একটি এনার্জি ড্রিংকে মাত্রা পাওয়া গেছে ৩২১.৭ পিপিএম। এ ছাড়া এক বোতলের (২৫০ মিলি) কোমল পানীয় এবং এনার্জি ড্রিংকে সিসার মাত্রা যথাক্রমে ০.০৫৩ মি.গ্রাম এবং ০.০৪৮ মি.গ্রাম পাওয়া গেছে। রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া বোতলজাত ব্র্যান্ডের ১০টি কোমল পানীয় এবং পাঁচটি এনার্জি ড্রিংকের নমুনা সংগ্রহ করে এ গবেষণা করা হয়।
গতকাল সোমবার বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্যে ক্ষতিকারক উপাদানের উপস্থিতি (ফুড হ্যাজার্ড) নিয়ে ৩টি গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
গবেষণার ব্যাপারে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা কারও বিরুদ্ধে নই, আমাদের গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন ও সতর্ক করা। স্বাস্থ্যসম্মত খাবারের সঙ্গে সঙ্গে নিয়মিত ব্যায়াম ও ডিসিপ্লিনের অভ্যাস গড়ে তুলতে হবে।
