আশুলিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০১:৪৭ পিএম

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান রকি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকার কাঠগড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের মো. আব্দুল হান্নান হকের ছেলে। তিনি ওই এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী পোশাক কারখানায় চাকরি করলেও তিনি কোনো কাজকর্ম করতেন না।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে কাঠগড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। তার স্বামী পোশাক কারখানায় কাজ করেন। আসাদুজ্জামান তাদের পার্শ্ববর্তী কক্ষে স্ত্রী নিয়ে ভাড়া থাকেন। সোমবার সকালে প্রতিদিনের মতো ভুক্তভোগীর স্বামী কাজে চলে যান। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে গ্যাসের সিলিন্ডারের সমস্যার কথা বলে ভুক্তভোগী ওই গৃহবধূকে আসাদুজ্জামান তার ঘরে কৌশলে ডেকে নেন। পরে ধর্ষণ করেন। ঘটনাটি ভুক্তভোগী গৃহবধূ পাশের বাসায় তার ভাইকে গিয়ে খুলে বলেন।

খবর শুনে পোশাক কারখানা থেকে ভুক্তভোগীর স্বামী আসলে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। পরে রাতে অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে রনিকে কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত