রাজশাহী নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনা এলাকার একটি পার্টিক্যাল বোর্ড ও ফোমের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সময় লাগে প্রায় ৩ ঘণ্টা।
স্থানীয়রা জানায়, কাদিরগঞ্জ এলাকায় শহিদুল ইসলাম বাচ্চু নামে এক ব্যক্তির মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যারের গুদামের বাইরে সংস্কারের কাজ চলছিল। সেখানে একটি ওয়েল্ডিংয়ের ঝালাইয়ের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
শরিফ নামের এক শ্রমিক জানান, সকাল থেকে তারা গোডাউনের বাইরে ওয়েল্ডিং এর কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ সেখান থেকে ভেতরে আগুন ছিটে গিয়ে ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে উপস্থিত হয়ে কাজ শুরু করে। গোডাউনে ফোম ও আঠাসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগে। দুপুর দেড়টার দিকে পুরোপুরি আগুন নেভানোর কাজ শেষ হয়। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের কাজ চলছে।
