বাংলাদেশ সফররত রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক) মেয়র রবার্ট সোরিন নেগোইতা বলেছেন, ‘রোমানিয়ার শ্রমবাজারের বিভিন্ন সেক্টরে বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে এবং রোমানিয়া বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী।’
গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতে গিয়ে এ আগ্রহ প্রকাশ করেন বুখারেস্টের মেয়র।
এর পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে।’ বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বহু দেশের উন্নয়ন কর্মকা-ে আমাদের কর্মীদের অবদান রয়েছে। এ ছাড়াও তারা দু দেশের পারস্পরিক সহযোগিতা এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, সকাল সাড়ে ১০টায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিসে এই সাক্ষাৎ হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বুখারেস্টের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের এবং রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
