চীনকে ডলারের পরিবর্তে ইউয়ানে তেল দেবে সৌদি আরব

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৬:৫৮ পিএম

মার্কিন ডলার বদলে চীনের মুদ্রা ইউয়ানের মাধ্যমে তেলের মূল্য নির্ধারণ করতে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করছে সৌদি আরব।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এমন উদ্যোগে বৈশ্বিক পেট্রোলিয়াম বাজারে ডলারের আধিপত্য কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউয়ানের মূল্যে তেল চুক্তি নিয়ে চীনের সঙ্গে সৌদি আরবের আলোচনা গত ৬ বছর ধরে চলছে। তবে, চলতি বছর সেটি বছর ত্বরান্বিত হয়েছে। এর কারণ হিসেবে দেখা হচ্ছে সৌদি আরবকে রক্ষায় মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতিতে তাদের ক্রমশ অসন্তুষ্টিকে।

সৌদি আরবের রপ্তানি করা তেলের এক-চতুর্থাংশেরও বেশি কেনে চীন। এই বিক্রয় যদি ইউয়ানে মূল্য নির্ধারণ করা হয়, তাহলে চীনের মুদ্রার মান বৃদ্ধি পাবে। সৌদি আরবের তেল বিক্রি প্রতিষ্ঠান আরামকো 'পেট্রোইউয়ান' নামে তাদের তেলের মূল্য নির্ধারণের মডেল অন্তর্ভুক্ত করার কথাও বিবেচনা করছে।

মঙ্গলবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন প্রায় ৬ দশমিক ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানির কিছু অংশ ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় বিক্রি করলে সেটি সৌদি আরবের জন্য উল্লেখযোগ্য বড় সিদ্ধান্ত হবে।

বিশ্বব্যাপী প্রায় ৮০ শতাংশ তেলের লেনদেন ডলারে করা হয়। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সনের সময়কালে সৌদির নিরাপত্তায় মার্কিন সহায়তা বিষয়ক চুক্তি হওয়ার পর থেকেই দেশটি শুধুমাত্র ডলারে তেলের লেনদেন করেছে।

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে চীন। সম্প্রতি তারা সৌদি আরবকে তাদের নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে সহায়তা করেছে, পারমাণবিক কর্মসূচির পরামর্শ দিয়েছে এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিজস্ব প্রকল্পে বিনিয়োগ শুরু করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত