ভারতের পাঁচটি রাজ্যের কংগ্রেস সভাপতিকে বরখাস্ত করেছেন দলটির সভানেত্রী সোনিয়া গান্ধী। তাদের সবাইকে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে। গত সপ্তাহে এ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ভরাডুবির জেরে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার রাজ্য কংগ্রেস সভাপতিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
কংগ্রেসের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের খারাপ ফলের পর সংশ্লিষ্ট রাজ্যগুলোর দলীয় সংগঠনের বড় রদবদল করা হতে পারে। আর সে কারণেই পাঁচ রাজ্য কংগ্রেস সভাপতি; উত্তর প্রদেশের অজয় কুমার লাল্লু, পাঞ্জাবের নভজ্যোত সিং সিধু, উত্তরাখণ্ডের গণেশ গোদিয়াল, গোয়ার গিরীশ চোড়নকর এবং মণিপুর রাজ্য কংগ্রেস সভাপতি এন লোকেন সিংকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন সোনিয়া। অবশ্য দলীয় এই সিদ্ধান্তের আগেই গত মঙ্গলবার সকালে বিধানসভা ভোটে পরাজয়ের দায় স্বীকার করে পদত্যাগ করেন গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতি গিরীশ চোড়নকর। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর গত রবিবার বিকেলে প্রায় পাঁচ ঘণ্টার বৈঠক করে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।
