বিএনপি নেতা হারিছ চৌধুরীর বিষয়ে তদন্ত চলছে। কয়েক দিনের মধ্যে সবকিছু বলা যাবে বলে জানিয়েছে ডিএমপি। গতকাল বুধবার সকালে ডিএমপির গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, পান্থপথে এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে তদন্ত করছি। কয়েক দিন পর বিস্তারিত জানানো হবে।
হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে ধূম্রজালের মধ্যে গত ৬ মার্চ তার কন্যা ব্যারিস্টার সামিরা চৌধুরীর বরাতে একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, তাকে ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে গত বছর ৪ সেপ্টেম্বর দাফন করা হয়।
মাদ্রাসার পরিচালক মাওলানা আশিকুর রহমান জানান, ওইদিন আসরের নামাজের পর মাহমুদুর রহমান নামে একজনকে দাফন করা হয়েছে। যার মরদেহ সামিরা নামে একজন নিয়ে আসেন। ৫ লাখ টাকা অনুদানের মাধ্যমে মাদ্রাসার গোরস্তানে তাকে দাফন করা হয় বলে জানান জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদ্রাসার পরিচালক আশিকুর রহমান।
