ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কুলিক নদীতে গোসল করতে গিয়ে সজিনা আক্তার (১০) ও সানজিদা বেগম (৬) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সজিনা ও সানজিদা উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের শাহাজাহান আলীর মেয়ে।
নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে সজিনা ও সানজিদাসহ ৫ জন মিলে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সানজিদা পানির গভীরে তলিয়ে যান। বোন সজিনা তাকে খুঁজতে নদীর মাঝখানে গেলে তিনিও তলিয়ে যান।
সঙ্গী শিশুরা চিৎকার করে বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজি করে দুই বোনের মরদেহ উদ্ধার করেন।
রানীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
