আগুনে পুড়ে গেছে বাড়ি দোকান স্কুল ও কারখানা

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২:৫৬ এএম

আগুন লেগে চট্টগ্রামের আনোয়ারায় আট বসতঘর ও কর্ণফুলীতে ছয় দোকান, কিশোরগঞ্জের ভৈরবে মশার কয়েলের কারখানা এবং টাঙ্গাইলের মির্জাপুরে পুড়ে গেছে একটি কিন্ডারগার্টেন স্কুল। প্রতিনিধিদের পাঠানো খবর :

আনোয়ারা (চট্টগ্রাম) : আনোয়ারায় রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আট বসতঘর। গত বুধবার রাত ১১টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামের নন্দীবাড়িতে এ ঘটনা ঘটে। আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, চট্টগ্রামের কর্ণফুলীতে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে ছয় দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যেরটেকে এ অগ্নিকান্ডহয়।

ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবের তাঁতারকান্দি এলাকার একটি মশার কয়েল তৈরির কারখানা আগুন লেগে পুড়ে গেছে। গতকাল সকালে আগুন লাগে বলে জানান কারখানাটির মালিক কাজল মিয়া। ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে সানশাইন একাডেমি নামে একটি কিন্ডারগার্টেনে অগ্নিকান্ড ঘটে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা বাজারের বহুরিয়া রোড এলাকার ওই প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে যায় বলে জানিয়েছেন এর পরিচালক ফৌজিয়া আক্তার সুমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত