রাঙ্গামাটিতে ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে শহরের পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এই ছাত্রলীগ নেতার নাম জয় ত্রিপুরা (২৫)। তিনি সংগঠনটির রাঙ্গামাটি সদর উপজেলা শাখার উপ-প্রচার সম্পাদক ছিলেন। জয় শহরের দেবাশীষনগর এলাকার প্রয়াত খোকনমণি ত্রিপুরার ছেলে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সাংবাদিকদের বলেন, জয় ত্রিপুরা বুধবার মধ্যরাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ভাইকে হাসপাতালে ভর্তি করিয়ে বাসায় ফিরছিলেন। পথে পোস্ট অফিসের সামনে তাকে কে বা কারা ছুরি দিয়ে আঘাত করে ফেলে যায়। পরে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হত্যাকা-ে চার-পাঁচজন জড়িত থাকতে পারে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
