আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে কুমিল্লা শহরে অস্ত্রের মহড়া দেওয়ায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার বিকেলে র্যাব ১১-এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ মার্চ বেলা ২টার দিকে কুমিল্লা শহরের চকবাজার গর্জনখোলা বিদ্যুৎ অফিস গলিতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও ধাওয়া-পাল্টা হয়। এতে অন্তত পাঁচজন আহত হন। মহড়া চলাকালে একজনের হাতে পিস্তল দেখা গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকজনের হাতে বিভিন্ন অস্ত্র দেখা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অপরাধীদের গ্রেপ্তার করতে মাঠে নামে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা শহরের চকবাজার গর্জনখোলা এলাকার আবদুর রাজ্জাক, মো. হৃদয়, উত্তর চর্থা এলাকার নিজাম উদ্দিন মিঠু, সাংরাইশ এলাকার মো. সজীব ও চকবাজার বালুধুম এলাকার নাজমুল হাসান দীপু।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানে হয়েছে।
একই ঘটনায় এর আগে শহরের মুরাদপুর মৌলভীপাড়া এলাকার সজীব মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
