ছাত্রাবাসে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৩:২১ পিএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকায় ব্লুমুন নামক ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিক্ষার্থীর নাম মিজানুর রহমান পলাশ। বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের ৩য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। তার বাড়ি ঢাকার গাজীপুরে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, আমরা শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।’

তিনি বলেন, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে কোন প্রেমঘটিত ঘটনা হতে পারে। এরপরও বিষয়টি পরিষ্কারভাবে বলা যাচ্ছে না।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত