বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন সাকিব আল হাসান। ব্যাটে ঝড় তুলতে থাকা ওপেনার কুইন্টন ডি কককে সাজঘরে ফেরালেন দেশসেরা অলরাউন্ডার। ৪১ বলে ৯ চার ও ২ ছয়ে ৬২ রান করেছেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক।
এর আগে টাইগারদের ব্রেক-থ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ। ওপেনার জানেমান মালানকে (২৬) বোল্ড করেন তিনি। ওপেনিং জুটিতে ৮৬ রান করেন ডি কক-মালান।
বাংলাদেশের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে দ. আফ্রিকা। ব্যাটিংয়ে আছেন কাইল ভেরেন্নে (১২) ও অধিনায়ক টেম্বা বাভুমা (২)। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার আরও ৯১ রান।
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে ছিলেন না ডি কক। মাঠের বাইরে বসে দলের হার দেখতে হয়েছে তাকে। তবে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ফিরেই ব্যাটে ঝড় তুললেন প্রোটিয়া উইকেটরক্ষক।
শরিফুল ইসলাম-তাসকিন আহমেদদের কোনো সুবিধা করতে না দিয়ে পাওয়ারপ্লে’র প্রথম ১০ ওভারে ফিফটি তুলে নেন ডি কক। ২৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২৮তম ফিফটি উদ্যাপন করেন তিনি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেনের ফিফটি ৯ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। আজ জিতলে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরবে দ. আফ্রিকা।