পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নুল্যান্ডের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২১ মার্চ ২০২২, ০১:১৩ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হবে। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের বার্ষিকীর দিনটিতে সম্পর্ক আরো জোরদার হ‌ওয়ার বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী ও ন্যুল্যান্ড এ বিষয়ে একমত হন। 

সাক্ষাতের শুরুতে মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন  তার ৩৩ বছরের অভিজ্ঞতা ও গল্প তুলে ধরেন। তার সন্তানদের যুক্তরাষ্ট্রে স্থায়ী করার বিষয়েও কথা বলেন।

দুই দেশের অনুষ্ঠিত অংশীদারিত্ব সংলাপ সফলভাবে হ‌ওয়ায় পররাষ্ট্রমন্ত্রী আশা ব্যাক্ত করেন। কোভিড মহামারীর কারণে দীর্ঘ দুই বছর পর এ সংলাপ অনুষ্ঠিত হ‌ওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। 

এ সময় তিনি আগামী ৪ এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সেদিন ঠিক দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর বার্ষিকীর দিন। 

ড. মোমেন আশা করেন ওই দিনের বৈঠকে সম্পর্ক আর‌ও ঘনিষ্ঠ হ‌বে।   

আন্ডার সেক্রেটারি নুল্যান্ডও আশা প্রকাশ করেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আসন্ন বৈঠক ফলপ্রসূ হবে।

আলোচনায় মার্কিন আন্ডার সেক্রেটারি ইউক্রেন বিষয়ে তার সরকারের অবস্থান তুলে ধরেন। 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ সব সময় শান্তি চায়। এ সংঘাতময় পরিস্থিতি আলোচনা এবং সমঝোতার মাধ্যমেই সমাধান চায় বাংলাদেশ। 

মোমেন বলেন, বিশ্বে যুদ্ধ ও সংঘাত সবার জন্য‌ই সমস্যা তৈরি করবে, যুক্তরাষ্ট্র, ইইউ এবং মধ্যপ্রাচ্যসহ সবার জন্য এ যুদ্ধ সমস্যর। 

তিনি স্মরণ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিকভাবে বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার। দুই দেশের মধ্যে ৯ বিলিয়ন মার্কিন ডলারের  দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে।

সফর শেষে সোমবার নয়াদিল্লির উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন মার্কিন এ কূটনীতিক প্রতিনিধি দল।

এর আগে সর্বশেষ ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ৭ম সংলাপ অনুষ্ঠিত হয়।    রাজনৈতিক  সংলাপে  মূলত  উভয় দেশের মধ্যে সব ইস্যুতে খোলামেলা আলোচনা হয়।

গত বছরের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবে সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার  ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত