প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরে স্কুলে গেল স্বর্ণা

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৩:১৮ এএম

ইউনিফর্ম পরে না যাওয়ার অভিযোগে স্কুল থেকে বের করে দেওয়া হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া সিনহা স্বর্ণাকে। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য ইউনিফর্ম পাঠান।

গতকাল রবিবার সকালে প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরে স্বর্ণা ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে যায়।

এর আগে গত বুধবার রাতে প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্মটি স্বর্ণার হাতে পৌঁছে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিক্ষার্থী স্বর্ণার চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেন তিনি। একই সঙ্গে তার চিকিৎসার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এককালীন অনুদানের আশ্বাস দেওয়া হয়।

স্বর্ণা পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের সুপারি ব্যবসায়ী মো. শাহিনুর ইসলামের মেয়ে। টাকার অভাবে টেইলার্সে তৈরি করতে দেওয়া ইউনিফর্ম তুলতে পারেননি শাহিনুর। স্বর্ণা গত বুধবার ইউনিফর্ম ছাড়া স্কুলে গেলে প্রধান শিক্ষক হাসেম আলী তাকে বের করে দেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে প্রধানমন্ত্রীর নজরে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত