ক্রিকেটার মোশাররফ রুবেলকে দেখতে হাসপাতালে ইশরাক

আপডেট : ২১ মার্চ ২০২২, ১০:৫১ পিএম

বেশ কিছুদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির ১ নম্বর সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন এর পরিচালক ফাহাদ আহমেদ শিকদার।

সোমবার হাসপাতালে উপস্থিত হয়ে আইসিইউতে ভর্তি মোশাররফ রুবেলের খোঁজ-খবর নেয়ার পর তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইশরাক হোসেন।

ক্রীড়া অনুরাগী হিসেবে ইশরাক হোসেনের বেশ সুনাম আছে। মোশাররফ রুবেলের শারীরিক অবস্থা সম্পর্কে জেনে বেশ উদ্বিগ্ন হন তিনি। তাই ফাহাদ শিকদারকে নিয়ে তাকে দেখতে চলে যান হাসপাতালে।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন মোশাররফ রুবেল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর আবার সেই টিউমার দেখা দেয়। এরপর দীর্ঘ দিন ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত