ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থায় চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারক চক্র।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে ভূমি মন্ত্রণালয়। চাকরি দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।
নিয়োগপ্রার্থীরা যাতে প্রতারিত না হন, সে জন্য সবাইকে নিয়োগের যেকোনো তথ্য ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থার ওয়েবসাইটে যাচাই করে নিয়োগপ্রক্রিয়ায় যথাযথ উপায়ে আবেদন বা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ভূমি মন্ত্রণালয় এবং দপ্তর বা সংস্থাগুলোর ওয়েবসাইটের ঠিকানাগুলো হলো দাপ্তরিক ওয়েব পোর্টাল ভূমি মন্ত্রণালয় (www.minland.gov.bd), ভূমি আপিল বোর্ড (www.lab.gov.bd), ভূমি সংস্কার বোর্ড (www.lrb.gov.bd), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (www.dlrs.gov.bd), ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (www.latc.gov.bd)। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক সামাজিক যোগাযোগমাধ্যম হলো www.facebook.com/minland.gov.bd।
