জনগণের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘১৯৭২ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে মৌলিক মানবাধিকার নিশ্চিত করেছিলেন।’
গতকাল বুধবার ‘হিউম্যান রাইটস ইন দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি : রেটরিক অ্যান্ড রিয়েলিটি’ শীর্ষক হাইব্রিড সেমিনারে এসব কথা বলেন স্পিকার। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ সেমিনারের আয়োজক।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, বিআইআইএসএসের চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেন, আরমা দত্ত এমপি, সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজর হুমা খান প্রমুখ।
