বিয়ের আট বছর পর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চার সন্তান জন্ম দিয়েছেন আদুরী বেগম আশা নামে এক গৃহবধূ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলেসন্তান জন্ম দেন তিনি। আশা ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী। তিনি সুস্থ আছেন। তবে নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে আশার বিয়ে হয়। সন্তান না হওয়ায় তারা চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। একপর্যায়ে আশা অন্তঃসত্ত্বা হন। আলট্রাসনোগ্রাম করে তার গর্ভে চারটি সন্তানের অস্তিত্ব মেলে। পরে চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে আশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফারহানা ইয়াসমিন ইভার নেতৃত্বে কয়েকজন চিকিৎসকের সফল অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।
মনিরুজ্জামান বাঁধন বলেন, ‘নিরাপদ প্রসবের জন্য চিকিৎসকের পরামর্শে স্ত্রীকে নিয়ে রংপুরে ভাড়া বাসায় বসবাস করেছি। তাকে হাসপাতালে ভর্তি করি এবং রাতে চার সন্তানের জন্ম হয়।’ রমেক হাসপাতালের ডা. ফারহানা ইয়াসমিন ইভা বলেন, ‘গর্ভধারণের আট মাসের মাথায় চার নবজাতকের জন্ম হয়েছে। ছেলের ওজন একটু কম। তবে তিন কন্যার ওজন ও শারীরিক গঠন ঠিক আছে। চার নবজাতকই সুস্থ আছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
