প্রথম বিভাগ দাবা লীগ: অভিষেকেই রানার্সআপ পল্লী সঞ্চয় ব্যাংক

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৯:৪৭ এএম

প্রতিষ্ঠার পর এবারই প্রথম কোনো জাতীয় ইভেন্টে অংশগ্রহণ করেছে পল্লী সঞ্চয় ব্যাংক, এসেছে সাফল্যও।

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ‘প্রথম বিভাগ দাবা লীগ ২০২১-২২’ এ রানার্সআপ ট্রফি অর্জন করেছে পল্লী সঞ্চয় ব্যাংক।

রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসহ মোট ১২টি দল এবারের লীগে অংশগ্ৰহন করে। ১১ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংক আগামী বছর থেকে প্রিমিয়ার লীগে অংশগ্ৰহনের যোগ্যতা অর্জন করেছে।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কেক কেটে উপলক্ষটি উদ্‌যাপন করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আকরাম-আল-হোসেনের হাতে রানার্সআপ ট্রফি ও চেক তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।

ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের জন্য আকরাম-আল-হোসেন সবাইকে অভিনন্দন জানান এবং এ সাফল্যের ধারা সর্বক্ষেত্রে অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। খন্দকার আতাউর রহমান বলেন, দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জরুরি।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক দীপংকর রায়, সিনিয়র কনসালট্যান্ট নজির আহমদ, পরামর্শক অসিত রঞ্জন পালসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে ২১ মার্চ হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক দীপংকর রায়ের হাতে রানার্সআপ ট্রফি ও চেক হস্তান্তর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত