উত্তাল পশ্চিমবঙ্গ

খুনের ঘটনায় তৃণমূল নেতাকে গ্রেপ্তারের নির্দেশ মমতার

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১:১৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের বগুটুই গ্রামের সহিংসতার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বৃহস্পতিবার রামপুরহাটে নেমে সার্কিট হাউজে যাওয়ার কথা থাকলেও সরাসরি বগুটুই গ্রামে যান মমতা। সেখানে স্বজন হারানোদের সঙ্গে কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী এ সময় ক্ষমতাসীন দল তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি বলেন, ‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে যেখান থেকে হোক গ্রেপ্তার করতে হবে। এটি ভয়াবহ ঘটনা। এ রকম নৃশংস ঘটনা ঘটতে পারে আমি কখনো ভাবতে পারিনি। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠায়নি। তাকে গ্রেপ্তার করা হবে।’

আনন্দবাজার পত্রিকা বলছে, গত সোমবার রাতে বীরভূমের রামপুরহাট-১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর রাতভর তাণ্ডব চলে বগুটুইয়ে। গ্রামের বাড়িঘরে আগুন দেওয়া হয়। চলে বোমাবাজি। এতে অন্তত ১০ জন নিহত হয়। এ ঘটনায় জড়িতদের হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘ভাদু শেখকে হত্যা অবশ্যই নিন্দনীয়। কিন্তু তারপর যা হয়েছে, তা অত্যন্ত ঘৃণ্য। কাউকে ছাড়া হবে না। সবাই বিচার পাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত