নরসিংদীর মনোহরদীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে মুরশিদ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার ওই স্কুলছাত্রীর বাবা চারজনকে আসামি করে মনোহরদী থানায় মামলা করেন।
গ্রেপ্তার মুরশিদ মিয়া উপজেলার চরমান্দালিয়া মুন্সিপাড়া গ্রামের শাহজাহানের ছেলে। অপর তিন আসামি হলো কিশোরগঞ্জের কটিয়াদীর নোয়াকান্দী গ্রামের মানিক মিয়ার ছেলে মনির হোসেন, একই এলাকার জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুস্তম আলীর ছেলে তারেক ও বকুল মিয়ার ছেলে রবিউল ইসলাম।
স্কুলছাত্রীর বাবা জানান, গত ৬ ফেব্রুয়ারি রাতে মনিরের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রসহ বাড়িতে এসে জোরপূর্বক তার মেয়েকে উঠিয়ে কটিয়াদীর নোয়াকান্দী এলাকায় নিয়ে যায়। পরে আমাদের না জানিয়ে রবিউল ইসলামের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। সম্প্রতি ছোট মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে মনির। গত ১৩ মার্চ রাতে দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় ছোট মেয়েকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে সে। এ সময় বাধা দিতে গেলে তাকে ও মেয়েকে মারধর করা হয়।
