জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
পাঁচ বছরের বেশি সময় পর লঙ্কা সফরে যাচ্ছে অজিরা। এই সফরে অস্ট্রেলিয়া ৩ টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে ও ২টি টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই তিন ফরম্যাটের সিরিজ হবে কলম্বো, কেন্ডি ও গলে। গলে’তে হবে সিরিজের দুই টেস্ট।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭ জুন সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলবে দু’দল। এরপর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে কেন্ডিতে। এরপর কলম্বো ফিরে খেলবে বাকি ওয়ানডে ম্যাচগুলো। ২৯ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজ।
অস্ট্রেলিয়া শেষবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ২০১৬ সালে। সেবার স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইওয়াশ হয় সফরকারীরা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অজিদের সফর সম্পর্কে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা উত্তেজনাপূর্ণ কিছু উত্তেজনাপূর্ণ ক্রিকেটের অপেক্ষায় রয়েছি। শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া শেষ সফর করেছে ৫ বছর আগে।’
তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে সাহায্য করবে। টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রতিযোগিতার মূল্য রয়েছে আমাদের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিং ও আইসিসি ২০২৩ বিশ্বকাপেও উন্নতি হবে আমাদের।’
