দেশে রাজনীতিকে নির্মূল করে দেয়া দেয়ার ষড়যন্ত্র ও চক্রান্ত দীর্ঘদিন ধরে চলে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানী গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ৪০ বছর ধরে যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলায় এই সরকার আটক করে রেখেছে। অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগ দিচ্ছে না। দেশের গণতন্ত্র, রাজনীতি এবং বিএনপিকে নির্মূল করে দেয়ার ষড়যন্ত্র ও চক্রান্ত দীর্ঘদিন ধরে চলে আসছে।
রাষ্ট্রীয়ভাবে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে গোটা জাতিকে সেই অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রীয়ভাবে সম্পৃক্ত করা হয়নি। আমরা দেখেছি যে, একতরফাভাবে অসত্য কিছু তথ্য সামনে নিয়ে কাজ করা হয়েছে। আর যাদের অবদান আছে, তাদেরকে সেভাবে তুলে ধরা হয়নি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ রাজধানীতে বিএনপির শোভাযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল আমাদের র্যালি আছে। বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই র্যালি শুরু হয়ে প্রেসক্লাব পর্যন্ত যাবে।
এ সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার শুধুমাত্র গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার পরে ৫০ বছরের ইতিহাসকে তারা তাদের নিজেদের মতো রচনা করে দেশকে বড় বিভ্রান্ত ও অস্থিরতার মুখে ঢেলে দিয়েছে। দেশ আজকে ধ্বংসের প্রায় কিনায় পৌঁছে গেছি।
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জনসম্মুখে তুলে ধরাই এই কমিটির মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, যারা বর্তমান সরকারে আছে- আমরা লক্ষ্য করেছি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে এবং বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসকে তাদের সুবিধা মতো করে তারা প্রচার করছে। এই বিকৃত ও মিথ্যা প্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, করোনা সংক্রমণের কারণে ২৬ মার্চের মধ্যে আমরা অনেক কর্মসূচি পালন করতে পারেনি। এই কর্মসূচিগুলো ভবিষ্যতে পালন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ২৭ মার্চ বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির কার্যক্রম ২০২০ সালের নভেম্বর মাসে শুরু হয়। এই কর্মসূচি পালনের জন্য দেশ ও দেশের বাইরে ২৬টি কমিটি গঠন করেছে দলটি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির সদস্যসচিব ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।
