কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের প্রখর রোদে ২ ঘণ্টা দাঁড় করিয়ে প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদকে সংবর্ধনা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এ বিষয়ে সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও কলেজের অধ্যক্ষ তা মান্য করেননি বলে অভিযোগ।
স্থানীয়রা জানান, পূর্বঘোষণা অনুযায়ী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সকাল ১০টায়। কিন্তু প্রতিষ্ঠাতা কলেজ এসে উপস্থিত হন দুপুর ১২টায়। এ দুই ঘণ্টা কলেজ ছাত্র-ছাত্রীদের প্রধান ফটক থেকে মূল ভবন পর্যন্ত দুই সারিতে দাঁড় করিয়ে রাখেন অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী। দুই ঘণ্টা শিক্ষার্থীদের প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে লালগালিচা বিছানো, ফুল ছিটানো এবং প্রতিষ্ঠাতার নামে নানা স্লোগান দেওয়ার প্রশিক্ষণ দেন কলেজ অধ্যক্ষ। ১২টায় অনুষ্ঠান শুরু হয়ে বিকেলে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, সকাল ১০টার কিছু পর থেকে আমাদের সারিবদ্ধভাবে দাঁড়াতে বলেন শিক্ষকরা। খোলা মাঠে প্রচণ্ড রোদ ছিল।
শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখার বিষয়ে কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, দুই ঘণ্টা নয় ১০/২০ মিনিট হবে, এর মধ্যেই স্যার চলে এসেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রেখে কাউকে সংবর্ধনা দেওয়ার সুযোগ নেই। আমরা কলেজ অধ্যক্ষের নিকট এ ঘটনার ব্যাখ্যা জানতে চেয়ে নোটিশ দেব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এ ধরনের কিছু হয়ে থাকে তাহলে বিষয়টি দুঃখজনক।
