স্বাধীনতার ৫০ বছর পরও জনগণের ভোটের অধিকার নেই: মির্জা ফখরুল

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১১:০৬ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও জনগণের ভোটের অধিকার, সংগঠন করার অধিকার নাই, স্বাধীনতা নেই। বাংলাদেশে সম্পূর্ণভাবেই একটি কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।

শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব বলেন। এর আগে, সকাল ৯ টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতা–কর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত। যে লক্ষ্য এবং আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবেই ধূলিসাৎ হয়েছে।

তিনি বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও জনগণের ভোটের অধিকার নাই, তাদের স্বাধীনতা নেই, সংগঠন করার সুবিধা নেই। বাংলাদেশে সম্পূর্ণভাবেই একটি কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়া কারা বরণ করে আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় আসামি হয়ে প্রবাসে রয়েছেন। ৬ শর বেশি নেতাকর্মী মিথ্যা মামলায় গুম হয়েছেন, সহস্রাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। একটা ভয়াবহ, দুর্বিষহ স্বৈরাচারের কবলে রয়েছে দেশ।

তিনি বলেন, আজকে আমরা এখানে শপথ নিয়েছি যে ৫০ বছর আগে আমরা স্বাধীনতার জন্য যেভাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিলাম, সেভাবেই আমরা গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।

তিনি বলেন, এ দেশের মানুষকে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্ভরযোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় একটি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব। জনগণের রাষ্ট্র আমরা তৈরি করব এবং সেই রাষ্ট্র হবে সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র এবং জনগণের রাষ্ট্র।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত