রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৮:৩০ পিএম

পবিত্র রমজান মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। আবেদনে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। 

এর আগে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়। গত ১৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। 

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার এ সিদ্ধান্তের প্রেক্ষিতে রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। 

এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। 

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি পবিত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় ২০ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এবং রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে কেন নির্দেশনা দেওয়া হবে না এ মর্মে রুলের আরজি জানানো হয়েছে। 

তিনি বলেন, দীর্ঘ দিনের প্রথা ও রীতি অনুযায়ী রমজান মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। কিন্তু এবার এর ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয় করোনাভাইরাস পরিস্থিতি এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। এমন পরিস্থিতিতে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা জরুরি। 

সোমবার আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানান আইনজীবী।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত