‘খালেদা জিয়াকে নিয়ে পুলিশ কমিশনারের বক্তব্যের জবাব দিতে ছাত্রদলই যথেষ্ট’

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০১:৪৭ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্যের জবাব দিতে ছাত্রদলই যথেষ্ট বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার রাজু ভাস্কর্যের পাদদেশে পুলিশ কমিশনার শফিকুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতারা এসব কথা বলেন।

ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, দেশের স্বাধীনতায় জিয়া পরিবারের ত্যাগ, অবদান অনস্বীকার্য। তকনকার আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যেখানে ব্যর্থ হয়েছে সেখানে জীবনের চরম ঝুঁকি নিয়ে সেদিনকার মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। খালেদা জিয়া তার দুই ছেলে আমাদের আজকের তারুণ্যের অহংকার তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে দীর্ঘ নয় মাস পাকিস্তান বন্দী ছিলেন।

শ্রাবণ বলেন, আজ অনেকে যারা বড় বড় কথা বলছেন তারা ওইসময়ে আত্মসমর্পণ করেছিলেন আর পাকিস্তানিদের রেশন খেয়েছেন। এখন তারাই মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস জাতিকে খাওয়াচ্ছে। আর তাদের তল্পিবাহক সরকারি কর্মচারীরা অশ্লীল ভাষায় মহান মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধাকে আক্রমণ করছে। আমরা এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি।

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত