বেনাপোল বন্দরে বোমাবাজি

কাউন্সিলর রাশেদসহ ৩৬ জনের নামে মামলা

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০২:২৯ এএম

যশোরের বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে হ্যান্ডলিং শ্রমিকদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বেনাপোল পোর্ট থানায় হওয়া এসব মামলায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রাশেদ আলীসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বোমা, পিস্তল ও গুলি।

এদিকে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বন্দর শ্রমিকরা গতকাল সকাল থেকে কাজে যোগদান করেছেন। ফলে বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি।

গত সোমবার বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তার নিয়ে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা অহিদুজ্জামানের অনুসারী শ্রমিক এবং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রাশেদ আলীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। অহিদুজ্জামান অহিদ বলেন, পৌর কাউন্সিলর রাশেদ বন্দর দখল করার জন্য ভাড়াটে গুন্ডা এনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, সোমবারের ঘটনায় কাউন্সিলর রাশেদকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাশেদের ব্যক্তিগত প্রাইভেট কার থেকে ৪টি বোমা, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত