চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নজরুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর।
এর আগে বুধবার বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক নজরুল চন্দনাইশ উপজেলার বরকল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও শিশুর পরিবার সূত্র জানায়, বুধবার বিকেলে ওই শিশু মাদ্রাসা থেকে এসে গুচ্ছগ্রাম সংলগ্ন পাহাড়ে পাতা কুড়াতে যায়।
এ সময় গুচ্ছগ্রামে বালু নিয়ে আসা ট্রাক চালক নজরুল শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে ওই চালককে আটক করে পরে পুলিশে দেয়।
এদিকে ওই শিশুর বাবা বুধবার রাতে নজরুল ইসলামের নামে আনোয়ারা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে নজরুলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
