দ. আফ্রিকার বিপক্ষে জয়ের ‘ইতিহাস গড়া’ সেঞ্চুরি

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৬:১৭ পিএম

কেশব মহারাজের করা ৯৭তম ওভারে দুই রান নিলেন মাহমুদুল হাসান জয়। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম তো বটে, প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি উদ্‌যাপন করলেন ২১ বছর বয়সী এই ওপেনার। ২৬৯ বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন জয়।

দেশের মাটিতে তো বটে, দ. আফ্রিকার মাটিতেও এটি কোনো বাংলাদেশির প্রথম সেঞ্চুরি। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের আগের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরটি ছিল মুমিনুল হকের। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৭৭ রান করেছিলেন টাইগারদের বর্তমান টেস্ট অধিনায়ক।

ওপেনিংয়ে নেমে দ্বিতীয় দিনে জয় ফিরে যেতে দেখেছেন চার সতীর্থকে। তৃতীয় দিনেও তিন সঙ্গীর বিদায় দেখেছেন। কিন্তু নিজের ব্যাটিং থেকে একটুকুও মনোযোগ হারাননি তিনি। দ্বিতীয় সেশনে এসে পেলেন ইতিহাস গড়া সেঞ্চুরি। প্রোটিয়া বোলারদের বিপক্ষে একাই লড়াই করছেন জয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডারবান টেস্টে প্রথম ইনিংসে ৯৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ। ২৭৬ বলে ১০০ রানে ব্যাট করছেন জয়। তার সেঞ্চুরিটি সাজানো হয়েছে ১০ চার ও ১ ছয়ে। এই তরুণ ওপেনারকে সঙ্গ দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ (১০)।

সফরকারীরা এখনো পিছিয়ে আছে ১৩২ রানে। ৪ উইকেটে ৯৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। এই চার উইকেট নেন প্রোটিয়া স্পিনার হার্মার। দ্বিতীয় দিন দ. আফ্রিকার প্রথম ইনিংস থামে ৩৬৭ রানে।

তৃতীয় দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৮৫ রান পায় বাংলাদেশ। আগেরদিনের নাইট ওয়াচ ম্যাচ তাসকিন আহমেদ (১) ফেরেন দিনের শুরুতে। এরপর দুইবার জীবন পেয়েও ৯ রানের জন্য ফিফটি করতে পারেননি লিটন দাস। লিজাড উইলিয়ামসের দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড হন তিনি।

তার আগে জয়ের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন লিটন। মধ্যাহ্নভোজ থেকে ফিরেই বিদা নেন বাংলাদেশি উইকেটরক্ষক্। এরপর রানআউটের শিকার হন সেট ব্যাটার ইয়াসির আলী (২২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত