চট্টগ্রাম নগরের মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা সোমবার সকাল থেকে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।
দেরিতে উপস্থিতির কারণে বেতন কাটায় চিকিৎসকেরা এ কর্মবিরতি পালন করেন বলে জানা গেছে।
হঠাৎ এ কর্মবিরতিতে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।
সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর তারা কাজে যোগ দেন।
জানা গেছে, হাসপাতালে যারা ১৫ মিনিট দেরিতে উপস্থিত হয়েছেন তাদের সাত দিন মিলে এক দিনের বেতন কাটা হয়। রবিবার বেতনভাতা দেওয়া হয়েছে। বেতন-ভাতা কর্তন করার বিষয়টি জানতে পেরে তারা কর্মবিরতি শুরু করেন।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক রেজাউল করিম বলেন, বেতন কাটা হয়েছিল। এতে চিকিৎসকেরা মনঃক্ষুণ্ন হয়ে কাজে যোগ দেননি। এ ছাড়া আরও অনেক দাবি ছিল। প্রতি সপ্তাহে ১৬ ঘণ্টা অতিরিক্ত কাজ করেন চিকিৎসকেরা। এর জন্য কোনো টাকা দেওয়া হয় না। মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় চার মাস। সংক্রামক ব্যাধির ছুটি ২৮ দিনের জায়গায় ১৪ দিন দেওয়া হয়। এসব মিলিয়ে আজ সকালে চিকিৎসকেরা কাজ করা থেকে বিরত ছিলেন।
পরে কর্তৃপক্ষ বেতন কর্তনের বিষয়টি স্থগিত করলে কাজে যোগ দেন সবাই।
মা ও শিশু জেনারেল হাসপাতালে ৬৫০ শয্যা রয়েছে।
