চাঁদপুরের সেই সেলিম চেয়ারম্যানের বালু উত্তোলনের আদেশ স্থগিত

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০:২৬ পিএম

চাঁদপুরে মেঘনার ডুবোচর থেকে জেলা সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেটি স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ স্থগিতাদেশ দেন।

আদালত এ বিষয়ে ২৫ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। সেলিম খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মোমতাজ উদ্দিন ফকির।

চাঁদপুর সদর ও হাইমচরে অবস্থিত ২১ টি মৌজা এলাকায় (মেঘনা নদী) নিজ  খরচে হাইড্রোগ্রাফিক জরিপ ও বালু উত্তোলনের নির্দেশনা চেয়ে ২০১৫ সালে রিট আবেদন করেন সদরের ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান। শুনানি নিয়ে ২০১৮ সালের ৫ এপ্রিল হাইকোর্ট এক রায়ে ২১ টি মৌজায় অবস্থিত মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।

হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে গত ১৫ মার্চ আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী মাঈনুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘চেম্বার আদালতের এ আদেশের ফলে সেখান থেকে তিনি (সেলিম খান) এখন বালু উত্তোলন করতে পারবেন না। ইতিমধ্যে আমরা লিভ টু আপিল করেছি। ২৫ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত