মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণে গত ২৩ মার্চ প্রশাসন মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের সোনাপাড়ার বাসিন্দা ভূমিহীন নুরুল আমিনের পরিবারকে উচ্ছেদ করে। তার বসত গুঁড়িয়ে দেয়।
এরপর দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনি দিয়ে বসবাস শুরু করেন। এমন পরিবেশে নুরুল আমিনের ছেলে সুজনের সন্তানসম্ভবা স্ত্রী রোমা আক্তার (২৫) এবং তার মেয়ে কহিনুর আক্তারের তিন মাসের শিশু প্রিয়া অসুস্থ হয়ে পড়ে।
পরিবারটির অভিযোগ, খোলা আকাশের নিচে বসবাসের কারণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ ও তিন মাসের শিশুটি ঠান্ডা ও বাতাসে অসুস্থ হয়ে পড়ে। সোমবার সকালে হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে ঠান্ডাজনিত কারণে নিউমোনিয়া হয়ে তিন মাসের শিশু প্রিয়ার মৃত্যু হয় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে। অপর দিকে ভোরে বদরখালী একটি হাসপাতালে মৃত সন্তান প্রসব করেন রুমা আক্তার।
দুই নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম।
সন্তানের মৃতদেহ বুকে নিয়ে কহিনুর আক্তার বলেন, প্রশাসন উচ্ছেদ করার পর পলিথিনের ছাউনি দিয়ে খোলা আকাশের নিচে থাকতে থাকতে নিউমোনিয়া হয়ে আমার বাচ্চা মারা গেছে।
সুজন জানান, আমাদের মাথা গোঁজার ঠাঁই যেটা ছিল সেটা কেড়ে নিয়েছে। অন্য জায়গায় থাকার সামর্থ্য ছিল না। তাই নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা করতে পারিনি। আমার নবজাতক সন্তান পৃথিবীর মুখ দেখাতে পারেনি। আমার স্ত্রীও হাসপাতালে। আমরা অসহায় হয়ে পড়েছি।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রশাসন নোটিশ দিলেও পরিবারটি তাদের বসত ভিটা ছেড়ে যায়নি। পরে প্রশাসন উচ্ছেদ করতে এলে একদিন আগুন লাগার ঘটনা ঘটে। এরপর বুলডোজার দিয়ে তাদের ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। তবে তাদের যাওয়া আর কোনো জায়গা ছিল না। তারা খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করছে। উক্ত পরিবেশে মানুষ বসবাস করতে পারে না। যার কারণে পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই জায়গায় ১১ পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। নুরুল আমিনের পরিবারকে নোটিশ দিলেও তারা জায়গা ছাড়েনি। পরে তাদের উচ্ছেদ করা হয়। উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা মুজিব বর্ষ উপলক্ষে তৈরি করা ঘরগুলো পাবেন এবং তাদের সঙ্গে অন্য ভূমিহীনরাও ঘরগুলো পাবেন। উক্ত স্থানে দ্রুত ঘর নির্মাণের কাজ চলমান। ঘর সম্পূর্ণ প্রস্তুত হলে তাদের হস্তান্তর করা হবে।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন বলেন, তাদের নোটিশ দেওয়া হয়েছিল। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাদ্দে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য ঘর দ্রুত তৈরি হচ্ছে। উক্ত পরিবারের পাশাপাশি আরো কয়েকটি ভূমিহীন পরিবার ঘর পাবে।
তবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক ওসমান শরিফ, দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন বলেও জানান।
